ডেঙ্গুতে কুলিয়ারচরের তরুণ ফুটবলারের মৃত্যু

 কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামের এক উদীয়মান তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জুনায়েদ কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় ইলেকট্রিশিয়ান হলেও স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। স্থানীয় ‘বাজরা ব্রাদার্স ফুটবল একাদশ’-এর অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দিতেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন জুনায়েদ। বৃহস্পতিবার জ্বর কিছুটা কমলেও সন্ধ্যার দিকে হঠাৎ তার মাথা ঘোরাতে শুরু করে। দ্রুত তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়।
পরবর্তীতে অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকায় পৌঁছালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ ফুটবলার।
জুনায়েদের আকস্মিক মৃত্যুর খবরে স্থানীয় ক্রীড়াঙ্গন, পরিবার ও বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থরা জানান, ডুমরাকান্দায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তার অধিনায়কত্বে মাঠে নামার কথা ছিল পুরো দলের। অধিনায়কের নেতৃত্বেই ট্রফি জয়ের অপেক্ষায় ছিলেন সবাই, কিন্তু সেই ফাইনাল খেলা আর খেলা হলো না জুনায়েদের।

Advertisement