হিন্দু সম্প্রদায় কোনো দল বা ব্যক্তির দাসত্ব করে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা 
হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এ দেশের হিন্দু সমাজ প্রমাণ করে দিয়েছে তারা কোনো দলের দাসত্ব করে না। বরং তারা বাংলাদেশী জাতীয়তাবাদের ধারায় বিশ্বাসী।
শুক্রবার বগুড়ার শিবগঞ্জে পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 
পূজা উপলক্ষে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আনন্দমুখর করতে সরকার এবার নির্বাহী আদেশে ছুটি এক দিন বৃদ্ধি করেছে। এ ছাড়া প্রতিটি মন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দসহ প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে।
মীর শাহে আলম আরো জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলো পরিদর্শনে যাবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আনন্দ ভাগ করে নেবেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুই উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ করেন তিনি।

Advertisement