
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বোম ডিসপোজাল টিম জানিয়েছে, বস্তুটি ৫ আগস্ট থানা থেকে হারিয়ে যাওয়া পুলিশের একটি সাউন্ড গ্রেনেড।
আহত নূর মোহাম্মদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নূর মোহাম্মদ দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন। সেখানে ককটেল সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটি হাতে তুলে নাড়াচাড়া করছিলেন। বস্তুটি চিনতে না পেরে সেফটি রিং টেনে খুলতেই সেটি বিস্ফোরিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








