
নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সরকারি নির্দেশনার আলোকে উপকূলীয় অঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপাসনালয়সমূহের নিরাপত্তার পাশাপাশি ৬১৫টি মন্দির ও পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ডের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এক ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীর তীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজা উৎসব যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
এ ছাড়াও পূজা চলাকালীন এবং মূর্তি বিসর্জনের সময় যেকোনো ধরনের নৌ-দুর্ঘটনা মোকাবেলায় কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসাথে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময় তিনি কোস্টগার্ডের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে দুর্গা পুজা উদযাপনের জন্য শুভকামনা জানান এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








