হাম উপসর্গে ৭ মাসে ১১৮১ জনের মৃত্যু

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে চলতি বছর ৭ মাসে হাম ও উপসর্গে মোট এক হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছে দু’জন। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৯২ জন। এর মধ্যে এক হাজার ৩০৬ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৯৩ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ১৭১ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ৭৭ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৯ হাজার ৮৭৬ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীায় প্রমাণিত) ২২ হাজার ৯২৬ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩২ হাজার ৮০২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৫৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৪, চট্টগ্রামে ১০৬, বরিশালে ৮৩, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে মৃত্যুহীন আরো একদিন
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুহীন আরো একদিন কেটেছে। গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ১২৪ জন ভর্তি হয়েছেন। এ দিকে নতুন করে কারো হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৩ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।