
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে চলমান যুদ্ধের কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফাইটের যাত্রীরা পড়েছেন মারাত্মক টেনশনে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত পাঁচ দিনে বিমান, ইউএস বাংলা, সাউদিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্সের এই রুটের মোট ১০৩টি ফাইট বাতিল করা হয়েছে। এসব ফাইট বাতিল হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকাতেই আটকা পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।
বেবিচকের সহকারী পরিচালক ও মুখপাত্র কাওছার মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়। তিনি জানান, সরাসরি বাতিল হওয়া ফাইট ৪২টি। অপর দিকে ট্রানজিট ফাইট ৬১টি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) স্থগিত করা হয়েছে। ওই ফাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য কর্তৃপক্ষের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফাইটে ১৪৮টি আসন বেড়েছে। একইসাথে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
গত বুধবার রাতে দাম্মাম থেকে একজন প্রবাসী বাংলাদেশী বলেন, আমরা এখানে আছি খুব বিপদের মধ্যে। কখন কী হয় জানি না। আগের দিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে বোম্বিং হয়েছিল। তখন অনেক লোক বাসা বাড়ি ছেড়ে একটি খোলা মাঠে অবস্থান নিয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








