
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় ফুলবরু বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ। এ দিকে এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।
গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুনচর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ফুলবরু বেগম ওই এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী। অভিযুক্ত সিরাজুল ইসলাম একই এলাকার মৃত মতিনের ছেলে এবং পেশায় একজন মাছ বিক্রেতা।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে ফুলবরু বেগম পাশের একটি বাড়িতে ঝাড়ু দেয়ার কাজ করছিলেন। এ সময় তার গলায় তাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। বৃদ্ধা তাকে চিনে ফেলায় সিরাজুল ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পর বাড়ির টিউবওয়েলে রক্তমাখা গেঞ্জি ধুতে দেখে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে কেরানিগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, স্বর্ণের চেইনের লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








