নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু সুফিয়া, বিচারের দাবি রুহিয়াবাসীর

 রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা

Advertisement

রাজধানীতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার বাসিন্দা ৯ বছরের শিশু সুফিয়া। নির্যাতনের ক্ষতচিহ্নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে রুহিয়া।
জানা যায়, সুফিয়ার মা-বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সে কারণে তাদের ছোট্ট মেয়ে সুফিয়াকে রেখে আসেন নানী জুলফা বেগমের কাছে। বিগত ১৩ মাস আগে ওই এলাকার উসমান আলী ঢাকায় তার বোন রিমি আক্তার ও ভগ্নিপতি আহসানের বাসায় একটি শিশুকে দেখাশোনার জন্য সুফিয়াকে নিয়ে আসেন। কিন্তু সেখানে ছোটখাটো অজুহাতে সুফিয়াকে নির্যাতন করা হতো। সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে উসমান আলীর মাধ্যমে সুফিয়া আবার রুহিয়ায় নানীর কাছে ফিরে আসে।
কিন্তু বাড়িতে এসে সুফিয়া অসুস্থ হয়ে পড়ে। কারণ হিসেবে দেখা যায়, তার কোমল শরীরের বিভিন্ন স্থানে আঘাতের লাল-কালো ক্ষতের দাগ। এর কারণ জিজ্ঞেস করাতে সুফিয়া তার নানীকে বিস্তারিত সব খুলে বলে। রুহিয়া ইউনিয়ন পরিষদের সচিব আবদুল মান্নান বলেন, শিশুটির ওপর নির্যাতনের দৃশ্য দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি।