গাদি আইজেনকোট, বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরাইলের রাজনৈতিক পালাবদল, দাহিয়া মতবাদ কী, ইসরাইলের সামরিক কৌশল, গাজায় ইসরাইলি হামলা, হামাস নির্মূল পরিকল্পনা, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত
আইডিএফের প্রধান আইজেনকোট। সংগৃহীত

ইসরাইলে রাজনৈতিক পালাবদল আসন্ন। বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে নিশ্চিত যে প্রধানমন্ত্রিত্ব হারাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আর নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়াশার পার্টির গাদি আইজেনকোট। আরব দলগুলোও তাকে সমথন দিচ্ছে।

Advertisement

গাজাসহ ফিলিস্তিন এলাকাজুড়ে পাশবিক হামলা চালানোর কারণে নেতানিয়াহু অপছন্দের ব্যক্তি। তবে আইজেনকোটও কিন্তু ভালো মানুষ নন। তার কুখ্যাত ‘দাহিয়া মতবাদ‘ আবার সামনে আসবে বলে অনেকেই আশঙ্কা করছেন। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আগে কয়েকটা বিষয় স্পষ্ট করেছেন তিনি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পুরোপুরি বিলুপ্ত করার পরিকল্পনা রয়েছে তার। ফলে, আলোচনায় উঠে এসেছে ‘দাহিয়া মতবাদ’।

রাজনীতিতে আসার আগে তেল আবিবের স্থলবাহিনী ‘ইসরাইল ডিফেন্স ফোর্স‘ বা আইডিএফের প্রধান ছিলেন আইজেনকোট। ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে বিশেষ একটি সামরিক কৌশল প্রয়োগ করেন তিনি। এর নীলনকশা তৈরিতে হাত রয়েছে সামরিক বিশেষজ্ঞ গাবি সিবোনিরও। ১৯৮৬ সালে ইহুদি ফৌজ থেকে অবসর নেন কর্নেল পদমর্যাদার এই অফিসার।

দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় ইসরাইলের নর্দার্ন কমান্ডের প্রধান ছিলেন আইজেনকোট। ওই সময় তার পদ ছিল মেজর জেনারেল। লড়াইয়ে দ্রুত জয় পেতে তার নির্দেশে দক্ষিণ বেইরুটের দাহিয়া নামের শহরতলিতে ব্যাপক বোমাবর্ষণ করে ইহুদি বিমানবাহিনী। ফলে, নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। প্রাণ হারান অসংখ্য নিরীহ মানুষ। উদ্বাস্তু হয় বহু পরিবার।

কেন দাহিয়াকে ধুলোয় মিশিয়ে দিতে চাইলেন মেজর জেনারেল আইজেনকোট? ২০০৮ সালে ইসরাইলি গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন গাদি।

তার দাবি, ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হয়ে ওঠে ওই এলাকা। সেই কারণে সম্পূর্ণ শহরতলিকে গুঁড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরবর্তী কালে এটি পরিচিতি পায় ‘দাহিয়া মতবাদ’ নামে।

ওই বছরই অবসরপ্রাপ্ত কর্নেল সিবোনির আধুনিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি লেখা প্রকাশ করে ‘ইসরাইল ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ’ (আইএনএসএস)। সেখানেও ব্যবহৃত হয় ‘দাহিয়া মতবাদ’ শব্দবন্ধ। ফলে, দুনিয়াজুড়ে দ্রুত পরিচিতি পায় ইহুদিদের এই সামরিক নীতি। তবে, একে কেন্দ্র করে কম বিতর্ক হয়নি। উঠেছে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগও।

‘দাহিয়া মতবাদ’ অনুযায়ী, কোনো এলাকা থেকে ইসরাইলের উপর হামলা হলে সেখানে কয়েকগুণ বেশি বলপ্রয়োগ করবে ইহুদি বাহিনী। সামরিকের পাশাপাশি বেসামরিক পরিকাঠামোতেও চালানো হবে ধ্বংসযজ্ঞ। গাদি ও সিবোনি মনে করেন, এতে চাপে পড়ে হামাস বা হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলিকে আর খোলাখুলি সমর্থন করবে না স্থানীয় জনগণ।

একটি উদাহরণের সাহায্যে গোটা বিষয়টি বুঝে নেয়া যেতে পারে। ধরা যাক, সীমান্তবর্তী গ্রামের কোনো একটি বাড়ি থেকে ইসরাইলের দিকে গুলি ছোড়া হলো। ‘দাহিয়া মতবাদ’ বলছে, এ ক্ষেত্রে পুরো গ্রামকেই দোষী ধরে নিয়ে সামরিক পদক্ষেপ করবে তেল আবিব। শুধু তা-ই নয়, কোনো রকম বাছবিচার ছাড়াই লাগাতার বোমাবর্ষণে গোটা এলাকা গুঁড়িয়ে দেবে তারা।

দ্বিতীয় লেবানন যুদ্ধের পর ২০০৮-’০৯, ২০১২ এবং ২০১৪ সালে ‘দাহিয়া মতবাদ’ মেনে একাধিক সামরিক অভিযান পরিচালনা করে ইসরাইল। ফলে, আন্তর্জাতিক মঞ্চে বার বার উঠতে থাকে যুদ্ধাপরাধের অভিযোগ। তবে, তাতে নিজের অবস্থান থেকে একচুলও সরেননি সাবেক সেনাপ্রধান আইজেনকোট। বরং, এই যুদ্ধকৌশলের স্বপক্ষে যুক্তি দিতে দেখা গিয়েছে তাকে।

গাদির সাফ বক্তব্য, বার বার ইসরাইলকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। আর তাই অস্তিত্ব রক্ষায় ‘দাহিয়া মতবাদ’ অনুসরণ ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। আগামী দিনের লড়াইয়ে যে এলাকা থেকে আক্রমণ হচ্ছে, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা রয়েছে তার। আইজেনকোটর কথায়, ‘আমাদের প্রত্যাঘাত এতটাই কঠোর হবে যে শত্রুরা সেটা উপেক্ষা করতে পারবে না।’

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে ইসরাইল। তেহরানের দাবি, লড়াইয়ের গোড়ার দিকে স্কুল, দোকান এবং ঐতিহাসিক স্থানে লাগাতার বোমাবর্ষণ করে ইহুদি বিমানবাহিনী। তাদের হামলায় ধ্বংস হয় ৪৯৮টি বিদ্যালয় এবং ২৩৬টি স্বাস্থ্যকেন্দ্রসহ ৬৭,০০০-র বেশি বেসামরিক পরিকাঠামো।

প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, ইরান যুদ্ধেও ‘দাহিয়া মতবাদ’-এর ছাপ রেখেছে ইসরাইলি বাহিনী। তবে, সেটা স্বল্প পরিসরে। আইজেনকোট ক্ষমতায় এলে এর চূড়ান্ত রূপ দুনিয়া দেখতে পাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে গাজার উপরেই হানবে সবচেয়ে বড় আঘাত। কারণ, ২০২৩ সালের ৭ অক্টোবর সেখান থেকেই ইহুদি রাষ্ট্রে হামলা চালায় হামাস।

সাবেক সেনাকর্তাদের কেউ কেউ মনে করেন, ইসরাইলের দৃষ্টিকোণ থেকে ‘দাহিয়া মতবাদ’ খারাপ কিছু নয়। কারণ, হামাস বা হিজবুল্লাহর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলির মূল ঘাঁটি রয়েছে গাজা ও লেবাননের একাধিক জনবহুল শহরে। আমজনতার মধ্যে মিশে সংগঠন ও যুদ্ধ পরিচালনা করে থাকে তারা। ফলে, চিহ্নিত করে তাদের উপর হামলা চালানো একরকম অসম্ভব।

আর তাই দীর্ঘস্থায়ী সংঘর্ষ এড়াতে চূড়ান্ত শক্তিপ্রয়োগের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইজেনকোট। সাবেক আইডিএফ প্রধান জানিয়েছেন, এতে বেসমারিক ক্ষয়ক্ষতি ও মৃত্যু এড়ানো যাবে না ঠিকই, কিন্তু আনুষঙ্গিক লোকসান থেকে বেঁচে যাবে ইসরাইল। সেই কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রবল সমালোচনার মুখে পড়েছে তার এই সমর-কৌশল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলায় প্রাণ হারান ১২০০ ইসরাইলি। একে উগ্রবাদী আক্রমণ আখ্যা দিয়ে ফিলিস্তিনপন্থী ওই বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নামে তেল আবিব। কিন্তু, তিন বছর পেরিয়ে হামাসকে এখনো নিশ্চিহ্ন করতে পারেন ইহুদি বাহিনী। ক্ষমতা পেলে সেই কাজেই নামতে চান গাদি।

আইজেনকোট ইতিমধ্যেই জানিয়েছেন, কিভাবে ৭ অক্টোবরের হামলা হলো, তার তদন্ত করবেন তিনি। গাজার সামরিক অভিযানে ইতোমধ্যেই ইসরাইলের বিরুদ্ধে উঠেছে যুদ্ধাপরাধের অভিযোগ। হামাসের সাথে আপাতত সংঘর্ষবিরতিতে রয়েছে তেল আবিব। প্রধানমন্ত্রীর গদি পেলে ‘দাহিয়া মতবাদ’ মেনে গাদি ওই এলাকাকে পুরোপুরি গুঁড়িয়ে দেন কি না, সেটাই এখন দেখার। সূত্র : বিভিন্ন সংবাদমাধ্যম