আলীকদম চৌকি পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আলীকদম (বান্দরবান) সংবাদদাতা 

Advertisement

বান্দরবানের দুর্গম ও গুরুত্বপূর্ণ উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) দ্রুত পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও বিশেষ সহযোগিতা চেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামানকে একটি আধা-সরকারি পত্র পাঠিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 
গত ১৩ সেপ্টেম্বর পাঠানো ওই পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ১৯৮২ সালে আলীকদমে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের উদ্যোগ নেয়া হলেও সেখানে নিয়মিত বিচারকার্য শুরু হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের বিচারিক সেবার জন্য প্রায় ১১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর বান্দরবানে যেতে হচ্ছে। এতে বিচারপ্রার্থী মানুষের সময়, অর্থ ও শ্রমের অপচয় ঘটছে এবং নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা প্রাপ্তি ব্যাহত হচ্ছে। 
প্রতিমন্ত্রী আরো জানান, আলীকদমে সেনানিবাস, মডেল থানা ও বিজিবি ব্যাটালিয়নের মতো প্রয়োজনীয় প্রশাসনিক অবকাঠামো রয়েছে। সামান্য সংস্কার করেই আগের ভবনটিতে বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব। পরিবেশ ও সামাজিক সংগঠন ‘গ্রিন পলিসি মুভমেন্ট’-এর আহ্বায়ক মো: মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত এই আদালত চালুর বিষয়ে আইনমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিমন্ত্রী।