
পদ্মা সেতু দক্ষিণ থানার টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ২১৯ নম্বর আসামি বৃদ্ধ সামচু ঢালী (৬০)। অথচ ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন তিনি।
মৃত সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা ও ইসমাইল ঢালীর ছেলে।
জানা যায়, তিনি আওয়ামী লীগের নেতা ও উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
চলতি বছরের ২৯ মার্চ তার মৃত্যু হয়। কিন্তু গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সঙ্ঘটিত ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন তারা। একপর্যায়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে।
এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।
বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, ঘটনার সাড়ে সাত মাস আগে মারা যাওয়া একজন ব্যক্তিকে কিভাবে পরবর্তী সময়ে সঙ্ঘটিত ঘটনার মামলায় আসামি করা হলো! এজাহারে নাম অন্তর্ভুক্তির আগে আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি-না, তা নিয়েও আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিদ্রুপ করে লিখেছেন, মৃত্যুর পরও দলীয় কর্মসূচিতে অংশ নিতে কবর থেকে উঠে এসেছেন ওই আওয়ামী লীগ নেতা!
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী জানান, তার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাকে একটি মামলার আসামি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কিভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাদের প্রশ্ন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে মামলার বাদী এসআই আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কিভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।
তিনি আরো বলেন, তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাদের বাদ দেয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম বলেন, মামলায় এতো সংখ্যক আসামির মধ্যে দু’-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতেই পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








