অভিবাসন অপরাধ দমনে বাংলাদেশ ও ব্রিটেনের নতুন কাঠামো

কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকার অভিবাসনসংক্রান্ত সঙ্ঘবদ্ধ অপরাধ মোকাবেলা এবং প্রতারণাপূর্ণ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে অসহায় মানুষদের শোষণকারী অপরাধী চক্রের হাত থেকে নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে সহযোগিতা জোরদার করতে একটি নতুন কাঠামোয় সম্মত হয়েছে। এ কাঠামোটি দুই দেশের মধ্যে এমন একটি প্রক্রিয়া বা ব্যবস্থা গড়ে তুলবে, যার আওতায় নথি ও ভিসা জালিয়াতি এবং অনিয়মিত অভিবাসন ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডসহ অভিবাসনসংক্রান্ত সঙ্ঘবদ্ধ অপরাধ শনাক্তকরণ, প্রতিহতকরণ ও মোকাবেলায় দুই দেশ পরস্পরকে নিবিড়ভাবে সহযোগিতা করবে।
গতকাল ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নতুন অংশীদারিত্ব বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনিরাপদ ও অনিয়মিত অভিবাসন পথ ব্যবহার করে মুনাফা অর্জনকারী অপরাধী চক্রের শোষণ থেকে বাংলাদেশী নাগরিকদের সুরক্ষায় উভয় দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

Advertisement