রাশিয়ার ওপর চাপ কমানোর সময় এখনো আসেনি : ইইউ

আনাদোলু
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্প্রতি সম্পন্ন হওয়া ডিজেল চুক্তির পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। রাশিয়ার ওপর চাপ কমানোর মতো সময় এখনও আসেনি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
এক্সে কাজা কালাস লিখেছেন, ‘রাশিয়ার ডিজেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তা মস্কোকে যুদ্ধ পরিচালনার জন্য আরো বেশি আয়ের সুযোগ করে দেবে। এটি রাশিয়ার ওপর চাপ কমানোর সময় নয় এবং ইউরোপ তা করবেও না।’
তিনি আরো জানান, সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় তালিকা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন টেলিফোনে কথা বলেন। ফোনালাপটিকে ট্রাম্প ‘অত্যন্ত সফল আলোচনা’ হিসেবে বর্ণনা করেছেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, আলোচনার ফলস্বরূপ রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে তিন লাখ টনের বেশি ডিজেল জ্বালানি সরবরাহ করতে সম্মত হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, নভেম্বরে আরো পাঁচ লাখ টন সরবরাহ করা হবে। এরপর রাশিয়ার শোধনাগারগুলোর সক্ষমতার ওপর ভিত্তি করে অল্প সময়ের মধ্যে প্রথমে আরো ১০ লাখ টন এবং পরবর্তীতে অতিরিক্ত ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হতে পারে। এ দিকে প্রেসিডেন্ট পুতিন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে রাশিয়ার ডিজেল সরবরাহ বিশ্বের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

Advertisement