
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপও জয় দিয়ে শুরু করলো মোহামেডান। গতকাল গোপালগঞ্জে পিছিয়ে পড়েও আরামবাগ ক্রীড়া সঙ্ঘকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান।
কিংস-মোহামেডানের সাথে পুলিশ এফসি থাকায় ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপটা বেশ কঠিন। জয়ে শুরু করায় মোহামেডান কোয়ালিফায়ার্সে যাওয়ার পথটা সুগম করে রাখলো।
মোহামেডান এ ম্যাচে পিছিয়ে পড়েছিল ১৬ মিনিটে গোল খেয়ে। আরামবাগ নাইজেরিয়ান ফরোয়ার্ড সুরাজের গোলে প্রথমার্ধে এগিয়েছিল। প্রথমার্ধেই মোহামেডান ম্যাচে সমতায় ফিরতে পারতো। মোহামেডান পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন সোলেমান দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ম্যাচটি সহজ করে ফেলে সাদাকালোরা। ৫৭ মিনিটে সৌরভ দেওয়ান ম্যাচে সমতা আনেন। ৭৪ মিনিটে জুনিয়র সোহেল রানা গোল করে লিড নেয় মোহামেডান। ইনজুরি সময়ে সোলেমান দিয়াবাতে গোল করে ব্যবধান ৩-১ করেন।
মোহামেডান বাংলাদেশ ফুটবল লিগের প্রথম ম্যাচে ১-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। আর্জেন্টিনা বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো ভারেলার অধীনে মৌসুম শুরু করে প্রথম দুই ম্যাচই জিতলো মোহামেডান।
ওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করল বসুন্ধরা
বড় জয় দিয়ে ফেডারেশন কাপ ফুটবল শুরু করেছে বসুন্ধরা কিংস। গতকাল মুন্সিগঞ্জে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ৫-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। প্রথমার্ধে বসুন্ধরা কিংস কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ওয়ান্ডারার্সের ওপর চড়াও হয়ে পাঁচটি গোল আদায় করে নেয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যে কিংসকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। দুই মিনিট পর আলমগীরের গোলে ব্যবধান ২-০ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬২ মিনিটে আবদুল্লাহ গোল করলে সহজ জয়ের দিকেই এগিয়ে যায় কিংস। সাব্বির ৮৫ ও ৯০ মিনিটে গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
দিনের অন্য ম্যাচে পুলিশ ১-১ গোলে ড্র করেছে সিটি ক্লাবের বিপক্ষে। ৬০ মিনিটে রাসুল বা’র গোলে লিড নিয়েছিল পুলিশ। ইনজুরি সময়ে গোল করে সিটি ক্লাবকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন ওকাফর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








