ঘুরে দাঁড়াল দুই পরাশক্তি ইতালি ও ফ্রান্স

ক্রীড়া ডেস্ক 
উয়েফা নেশন্স লিগে গত ২ অক্টোবর পার্ক দ্য প্রিন্সেসে ইতালির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল ফ্রান্স। আগের ম্যাচের হতাশা ভুলে গত পরশু ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইউরোপের দুই পরাশক্তি। তুরস্ককে হারিয়ে ৩-১ গোলে জয়ের ধারায় ফিরেছে ইতালি। অন্য দিকে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। এ ছাড়া নেশন্স লিগের একই রাতে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে হাঙ্গেরি, সুইডেন ও বসনিয়া। 
গ্রুপ এ১-এ ইতালির শুরুটা ছিল বেশ কঠিন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে চাপের মুখে পড়েছিল আজ্জুরিরা। এরপর তুরস্ককে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ফ্রান্সের বিপক্ষে ১-১ গোলের ড্র’তে হতাশায় পুড়ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার আর সেই ভুল করেনি দলটি। নিজেদের মাঠে তুরস্কের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামে ইতালি। শেষ পর্যন্ত কাক্সিক্ষত জয়ই সঙ্গী হয়েছে রবার্তো মানচিনির দলের।
বোলোগনার রেনাতো ডাল’আরায় ম্যাচ শুরুর ২৬ মিনিটে এগিয়ে যায় ইতালি। স্বাগতিকদের হয়ে জালের দেখা পান জিয়ানলুকা স্কামাক্কা। এই এগিয়ে যাওয়া তারা ধরে রাখে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত। ৬১ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান আরাল সিমসির। তবে তুরস্ক সমতায় ফিরলেও তা স্থায়ী হয় ৩ মিনিট। স্বাগতিকদের আবার ৬৪ মিনিটে জাতীয় দলের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রিকার্ডো কালাফিওরি। এরপর ৮৭ মিনিটে ইতালির ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন পিও এসপোসিটো।
এদিন রাতটি আরো নাটকীয় ছিল ফ্রান্সের। আগের ম্যাচে ইতালির সাথে ১-১ গোলে ড্র’র পর ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে ফ্রান্স। ম্যাচের ৩৫ মিনিটেই ডোদি লুকেবাকিওর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ওই গোল হজম করেই বিরতিতে যায় ফরাসিরা। তবে দ্বিতীয়ার্ধে পুরো চিত্র বদলে যায়। ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলের সামনে ধীরে ধীরে ভেঙে পড়ে বেলজিয়ামের রক্ষণ। ৭৭ মিনিটে মাইকেল ওলিসে, ৮১ মিনিটে রায়ান শেরকি, ৮৮ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে দুইবার জালের দেখা পান মাইকেল ওলিসে। আর তাতেই ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে গ্রুপ এ১-এর শীর্ষস্থান আরো শক্ত করেছে ফ্রান্স। চার ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্য দিকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। 
এ দিকে গত পরশু গ্রুপ বি২-তে ইউক্রেনকে ২-১ গোলে হারিয়েছে হাঙ্গেরি। প্রথমে ইউক্রেন এগিয়ে গেলেও হাঙ্গেরি ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। একই গ্রুপে নর্দার্ন আয়ারল্যান্ড ও জর্জিয়ার ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
গ্রুপ বি৪-তে বসনিয়া ও হার্জেগোভিনা ১-০ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। অন্য ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে সুইডেন। গ্রুপ সি২-তে সাইপ্রাস ২-১ গোলে হারিয়েছে লাটভিয়াকে। মন্টেনেগ্রোর বিপক্ষে গোল্যশূন্য ড্র’তে শেষ হয় আর্মেনিয়ার ম্যাচ।

Advertisement