পাকিস্তানের টি-২০ অধিনায়ক ফারহান

 ক্রীড়া ডেস্ক 
ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে বাবর আজমের চোটের কারণে পাকিস্তানকে নেতৃত্ব দেন সালমান আলী আগা। বাবর ফিরলে দ্বিতীয় টেস্টে তিনিই নেতৃত্ব দেন। তবে প্রথম টেস্টে অধিনায়কত্ব করা সালমান বাদ পড়েন তৃতীয় টেস্টে। তবে সালমান ছিলেন দেশটির টি-২০ অধিনায়ক। এবার তাকে সেই পদ থেকেই সরিয়ে দেয়া হলো। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি বাদ পড়েছেন দল থেকেও। ঘরের মাঠে আগামী ৯ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই দলের নেতৃত্বভার দেয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। এশিয়ান গেমসে তার অধীনেই ফাইনাল খেলে পাকিস্তান। 
২০২৫ এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর থেকেই ক্রমেই গুরুত্ব বেড়েছে ফারহানের। সেই আসরে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল পাকিস্তান। এরপর টি-২০ বিশ্বকাপে ৩৮৩ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হন ফারহান। তার স্ট্রাইক রেট ছিল ১৬০। 
তবে এশিয়ান গেমসে পাকিস্তান যে দু’টি ম্যাচ খেলেছে, সেখানে ব্যাট হাতে সাফল্য পাননি ফারহান। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত ১৯ রানে হারলেও লড়াইটা বেশ জমিয়ে তুলেছিল পাকিস্তান। তিনি এক বছর পর ফিরেছেন জাতীয় দলে। টি-২০ স্কোয়াডে ফিরেছেন নাসিম শাহ। শ্রীলঙ্কা সিরিজের টি-২০-এর পর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়েছে তাকে। টেস্ট অভিষেকে গতি দিয়ে নজর কাড়া ডানহাতি পেসার রাজাউল্লাহও দুই সংস্করণের দলেই আছেন। ওয়ানডের অধিনায়কত্ব ধরে রেখেছেন শাহিন শাহ আফ্রিদি। দলে আছেন বাবর আজম, তবে নেই মোহাম্মদ রিজওয়ান। 
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও পরবর্তী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে ফিরছেন শন টেইট। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এক বছর এই দায়িত্ব পালন করেছিলেন তিনি। 
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ১৮ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। 
পাকিস্তানের টি-২০ দল : সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নাওয়াজ, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, খাজা নফে (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সায়েম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম। 
ত্রিদেশীয় সিরিজের দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান নাওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সায়েম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

Advertisement