ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বরিশাল বিভাগে দু’জন করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এ ছাড়া চলতি মাসের পাঁচদিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে মারা গেছেন। বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯৯৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন এক হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৪ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশাল বিভাগে ২০৩, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬, রংপুর বিভাগে ৭৫ জন এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন।
সিলেট ব্যুরো জানায়,
সিলেটে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ১৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন রয়েছেন।