
নয়া দিগন্ত ডেস্ক
দেশের চার জেলায় পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে চারজনের লাশ। নীলফামারীতে ঢাকায় খুন হওয়া তরুণ রাকিব ইসলামের পুঁতে রাখা লাশ এবং পাবনার সুজানগরে নিখোঁজের পরদিন এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে নড়াইলে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল পুলিশ এসব তথ্য নিশ্চিত করে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
নীলফামারীতে লাশ গুম
ঢাকায় কোচিং করতে গিয়ে পরিচয় হওয়ার পর মেয়েঘটিত বিরোধের জের ধরে নিহত হন টাঙ্গাইলের যুবক রাকিব ইসলাম। অভিযুক্ত ডিমলার বাসিন্দা মামুন তাকে গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় হত্যার পর কফিনে করে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়ার নিজ বসতভিটায় এনে পুঁতে রাখেন। পুলিশ গতকাল মঙ্গলবার মামুনের বসতভিটা খনন করে রাকিবের লাশ উদ্ধার এবং মামুনকে গ্রেফতার করেছে। হত্যার পর লাশ গুম রেখে এআই প্রযুক্তিতে রাকিবকে জীবিত দেখিয়ে ভিডিও বানিয়ে স্বজনদের কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে মামুনের বিরুদ্ধে।
পাবনায় আগুনে ঝলসানো লাশ
পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক হোটেল ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আহম্মেদপুর এলাকার নিজ বাড়ির পেছনের হলুদ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত সোমবার বিকেলে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বিদায় দেয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে রাতে তার অবস্থান শনাক্তের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ।
নড়াইলে মাদক দ্বন্দ্বে হত্যা
নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে সোমবার গভীর রাতে আরাফাত মোল্যা (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নড়াগাতী থানার ওসি মো: হোসেন আলী জানান, নিহত আরাফাতের বিরুদ্ধে থানায় মাদক, চুরি ও ডাকাতির ১০টি মামলা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, একই গ্রামের কবির ও জিসানসহ চার-পাঁচজন মাদক বেচাকেনার দ্বন্দ্বে তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে নিহতের স্বজনরা ঘটনাটিকে জমিজমাসংক্রান্ত বিরোধ বলে দাবি করছেন।
দেবীগঞ্জে ঘটকের লাশ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধ ঘটকের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পুকুরপাড়ে তার জুতা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে মঙ্গলবার সকালে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ১০ মিনিটের অভিযানে পামুলী ইউনিয়নের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
চারটি পৃথক ঘটনাই সংশ্লিষ্ট থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








