জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

নিজস্ব প্রতিবেদক

Advertisement

জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। গতকাল বৃহস্পতিবার এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে দাখিল করেনি।
এ পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৩)-এ প্রদত্ত মতাবলে জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন এখনো ই-ভ্যাট সিস্টেমে দাখিল না করা প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।
অর্থাৎ, যেসব প্রতিষ্ঠান জুলাই ও আগস্টের রিটার্ন এখনো জমা দেয়নি, তাদের জন্য নতুন সময়সীমার মধ্যে তিন মাসেরÑ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরÑ রিটার্ন একসাথে নিয়ম অনুযায়ী দাখিলের সুযোগ তৈরি হয়েছে।
এনবিআরের এ সময় বাড়ানোর সিদ্ধান্তের ফলে নতুন ভ্যাট রিটার্ন দাখিল পদ্ধতি নিয়ে বিভ্রান্তি বা পরিবর্তিত বিধানের কারণে যারা নির্ধারিত সময়ে জুলাই ও আগস্টের রিটার্ন দাখিল করতে পারেনি, তারা জরিমানা ছাড়াই তা জমা দেয়ার সুযোগ পাচ্ছে।