মিরপুরে শ্রমিক বিক্ষোভ, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি, মিরপুর-১০ গোলচত্বর, মিরপুর-১৪, শ্রমিক অসন্তোষ, পোশাক কারখানায় কর্মবিরতি, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মিরপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন
মিরপুরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন। সংগৃহীত

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ তৃতীয় দিনে গড়িয়েছে।

Advertisement

সোমবার সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পোশাকশ্রমিকেরা আজও রাস্তায় নামার চেষ্টা করছেন। পুলিশের কর্মকর্তারা সকাল থেকে মাঠে রয়েছেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া এই অসন্তোষ গতকাল রোববার প্রকাশ্যে রূপ নেয়। এদিন শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববারও আন্দোলনকারীরা রাস্তায় নামেন। এ সময় গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার চেষ্টাও করেন তারা। একপর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারীরা সরে যেতে বাধ্য হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, এর ধারাবাহিকতায় সোমবার সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেন। তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকা থেকেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার বলেন, ‘শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের জেরে আজ সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। তারা মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা গার্মেন্টসের ভেতরে চলে যান। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

গত দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর মিরপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।