বগুড়া জেলা জজ আদালত বর্জন একমাস স্থগিত

বগুড়া অফিস 

Advertisement

বিচার প্রার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে  বগুড়া জেলা সিনিয়র জজ আদালতের বিচারিক কাজ বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বিকেলে বগুড়া জেলা জজ কোর্টের হল রুমে আয়োজিত জরুরি সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 
সমিতির সভাপতি  অ্যাডভোকেট শেখ রেজাউর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (১) ও সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ সাংবাদিকদের জানান, আগামী রোববার থেকে আইনজীবীরা পুনরায় নিয়মিত আদালত কার্যক্রমে অংশ নেবেন। সভাপতি অ্যাডভোকেট  শেখ মো: রেজাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয়। সভাপতি অ্যাডভোকেট শেখ মো: রেজাউর রহমান জানান, বিতর্কিত পদায়নের প্রতিবাদে আইনজীবীরা গত ২২ সেপ্টেম্বর থেকে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বিচার প্রার্থীরা চরম দূর্ভোগে  পড়েন। পরবর্তীতে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইনমন্ত্রীর সাথে একাধিকবার আলোচনা হয়। কর্তৃপ আমাদের জানিয়েছেন জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের প্রক্রিয়া শেষ করতে অন্তত এক মাস সময় লাগবে। বিচার প্রার্থীদের ভোগান্তির কথা ভেবে তারা কর্মসূচি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। সরকারের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আদালত বর্জনের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করলাম। তবে বর্জনের সিদ্ধান্ত  প্রত্যাহার হয়নি,  স্থগিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সুরাহা না হলে সমিতি পরবর্তীতে পুনর্মূল্যায়ন  করে সিদ্ধান্ত নেবে।