দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইআইইউসির চতুর্থ র‌্যাংক অর্জন

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৭-এ র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যলয়ের মূল র‌্যাংকিংয়ে নাম এসেছে। আইআইইউসি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ র‌্যাংকধারী বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য, এবারের র‌্যাংকিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকের মধ্যে রয়েছে শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি। 
আইআইইউসির এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই দৃশ্যমানতা অ্যাকাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আমি আইআইইউসিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কার্যকর  উদ্যোগ গ্রহণ করি। এই উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারী ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহকে এই বিশ্ববিদ্যালয়ে এনে প্রাথমিকভাবে টিএইচই ও কিউএস র‌্যাংকিংয়ে আইআইইউসির অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে আইআইইউসির র‌্যাংকিং কার্যক্রমকে আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আমার নেতৃত্বে একটি শক্তিশালী ও নিবেদিতপ্রাণ র‌্যাংকিং কমিটি গঠন করা হয়। কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। কমিটির সদস্যরা হলেন ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহ, ড. মো: জাহাঙ্গীর আলম ও ইঞ্জিনিয়ার মো: মাহি উদ্দিন। 
র‌্যাংকিং কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও অন্যান্য শর্ত পূরণের জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে এবং টিএইচই ও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ের জন্য আইআইইউসির আবেদন যথাসময়ে সম্পন্ন করে। আজকের এই অর্জন ভিসি, র‌্যাংকিং কমিটি এবং আইআইইউসির গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফল। এই গৌরবময় অর্জনের সাথে সম্পৃক্ত সব গবেষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আইআইইউসি পরিবারের প্রত্যেক সদস্যকে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই অর্জন আমাদের যাত্রার সমাপ্তি নয়; বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিক মানের গবেষণা, বৈশ্বিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইনশা আল্লাহ, আইআইইউসিকে বিশ্ব অ্যাকাডেমিক অঙ্গনে আরো উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের পরবর্তী লক্ষ্য। বিজ্ঞপ্তি।

Advertisement