চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধ, আহত ১২ পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

Advertisement

চট্টগ্রামের মৃত্যুপুরীখ্যাত উত্তর চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের ধরতে গিয়ে পুলিশের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার রাতে কদলপুর ইউনিয়নের দণি কদলপুরের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে বেশ কয়েকটি অস্ত্রসহ উদ্ধার করেছে। 
পুলিশ বলছে, অভিযান চালানোর সময় আসামিরা তাদের ল্য করে গুলি ছোড়েন। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে সন্ত্রাসী দিলদার হোসেন (৩৭) গুলিবিদ্ধ হন। পরে তাকে গ্রেফতার করা হলেও অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম এক ব্রিফিংয়ে এ অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
পুলিশের ভাষ্য, গত ২৫ সেপ্টেম্বর দণি কদলপুরের আবু বক্কর চৌধুরীর বাড়িতে চাঁদা দাবি করা হয়েছিল। ওই অভিযোগের সূত্র ধরে বুধবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে সন্ত্রাসী জানে আলম ওরফে ডাকাত আলমের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় জানে আলম (৪২), মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস (৫২), দিলদার হোসেন (৩৭), মো: রুবেল (২৭), মো: মামুনুর রশিদ ওরফে মামুন (৩৫) ও মো: বাচা (৪৫) পুলিশকে ল্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দিলদার গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আহত ১২ পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন এসআই মো: জান্নাতুন নাঈম রাজন, এসআই মো: খোরশেদ আলম, এসআই মো: বায়েজিদ মৃধা, এসআই মো: জাহাঙ্গীর আলম, এএসআই মো: জুয়েল চন্দ্র বিশ্বাস ও এএসআই মো: রাবিউল হোসেন। বাকি ছয়জনের পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, দিলদারকে আটকের পর তার কাছ থেকে একটি ডাবল ব্যারেল বন্দুক ও একটি সিঙ্গেল ব্যারেল কাটগান উদ্ধার করা হয়। পরে তার দেখানো মতে চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয়টি সিসার কার্তুজ, চারটি রামদা, দু’টি কাতি ও দু’টি বুলেট হোল্ডার উদ্ধার করা হয়েছে।