বিএফআরআইর মণ্ড ও কাগজ বিভাগ পরিদর্শন মুখ্য গবেষণা কর্মকর্তার


বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বনজ সম্পদ উইংয়ের মুখ্য কর্মকর্তা ড. মো: মাহবুবুর রহমান গতকাল ইনস্টিটিউটের  মণ্ড ও কাগজ বিভাগ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভাগের সার্বিক গবেষণা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের শুরুতে তিনি বিভাগীয় কর্মকর্তা মো: জহিরুল আলমের কক্ষে সিনিয়র রিসার্চ অফিসার ও রিসার্চ অফিসারদের সাথে এক মতবিনিময় করেন। এ সময় বিভাগের চলমান গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন রিসার্চ অফিসার নাজমা খাতুন। মতবিনিময় সভা শেষে মুখ্য গবেষণা কর্মকর্তা বিভাগের গবেষণা ল্যাব, কন্ডিশনিং কক্ষ এবং মণ্ড ও কাগজ তৈরির বিভিন্ন যন্ত্রপাতি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় ল্যাবের যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা এবং ব্যবহারিক দিক বিস্তারিতভাবে তুলে ধরেন সিনিয়র রিসার্চ অফিসার ড. সুবীর কুমার বিশ্বাস। বিজ্ঞপ্তি।

Advertisement