
নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাক ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে ও আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রুদ্র মিয়া (১৬), দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ও বাঘবেড় আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৫) ও রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া (১৯)।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়ামিন ও রুদ্র নিহত হয়।’
তিনি বলেন, ‘এ সময় তাদের অপর বন্ধু শ্রাবণ আহত হন। শুক্রবার বেলা ১১টার দিকে আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।’
কাঞ্চন হাইওয়ে এসআই মাহমুদুর রহমান বলেন, ‘নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








