মাঠে না গিয়েই সেমিতে বাংলাদেশ
টানা দুই দিন বৃষ্টিতে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের কোনো ম্যাচ হয়নি। এভাবেই ঢেকে রাখা হয় ক্রিকেট গ্রাউন্ড : ইন্টারনেট।

 ক্রীড়া প্রতিবেদক
একটি বলও খেলা হলো না! ব্যাট-বলের লড়াই তো দূরের কথা, স্টেডিয়ামেই যেতে হলো না বাংলাদেশ দলকে। তবু এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লিটন দাসের দল। গতকাল নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টিতে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর রথ্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
বৃষ্টির সেই স্বস্তি এবারই শেষ নয়। সামনে পাকিস্তান। আগামীকাল ১ অক্টোবর নিশিনেতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। যদি ওইদিনও বৃষ্টি থাকে তাহলে র‌্যাঙ্কিং সুবিধায় ফাইনালে উঠে যাবে পাকিস্তান। তখন বাংলাদেশকে ৩ অক্টোবর ব্রোঞ্জের জন্য লড়তে হবে। 
অদ্ভুত এক পরিস্থিতির মধ্য দিয়েই সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ তো হয়নি-ই, অন্য তিন কোয়ার্টার ফাইনালেও বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি দলগুলো। পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাও ম্যাচ না খেলেই জায়গা করে নিয়েছে শেষ চারে! এখন অবশ্য হিসাবটা একটু কঠিন। সেমিফাইনালও যদি বৃষ্টির কবলে পড়ে এবং ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে আর রথ্যাঙ্কিংয়ের সুবিধা বাংলাদেশের পক্ষে থাকবে না। টি-২০ রথ্যাঙ্কিংয়ে পাকিস্তান বাংলাদেশের ওপরে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালের টিকিট পাবে পাকিস্তান।
বাংলাদেশের সামনে এখন দু’টি প্রতিপক্ষÑ পাকিস্তান ও বৃষ্টি। পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে জিততে পারলে ফাইনালের দরজা খুলবে। কিন্তু বৃষ্টি যদি আবার ম্যাচ কেড়ে নেয়, তাহলে মাঠে লড়াইয়ের সুযোগ ছাড়াই থেমে যেতে পারে বাংলাদেশের ফাইনালযাত্রা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচটিও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ের কারণে ফাইনালে যাবে ভারত।
চার কোয়ার্টার ফাইনালের সব অর্থাৎ ভারত-আফগানিস্তান, পাকিস্তান-হংকং, শ্রীলঙ্কা-নেপাল ও বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আইসিসি রথ্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কোয়ার্টার ফাইনালের মতো রথ্যাঙ্কিংয়ের এগিয়ে থাকার ভিত্তিতে ফাইনালে উঠবে ভারত ও পাকিস্তান। ফাইনালেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনালের দিন ম্যাচ ভেন্যুতে বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। তাই যদি শেষ পর্যন্ত ফাইনালও মাঠে না গড়ায় তবে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং স্বর্ণ জিতবে দুই দলই।
২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে অবশ্য নিয়মটি ছিল ভিন্ন। ভারত ও আফগানিস্তানের মধ্যকার পুরুষ ক্রিকেটের ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে রথ্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে ভারতকে স্বর্ণপদক দেয়া হয়েছিল। এবারের নিয়মে যৌথ চ্যাম্পিয়নের নিয়ম থাকায় প্রথমবারের মতো দুই দলের স্বর্ণপদক জয়ের সম্ভাবনাও থাকছে।

Advertisement