
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গেমস আরচারিতে পদকের আশা শেষ হয়ে গেল লাল-সবুজদের। দলগত, কম্পাউন্ড ব্যক্তিগত হারের পর রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেননি বাংলাদেশের আরচাররা। ফলে জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আরচারি ইভেন্ট থেকে পদক ছাড়াই ফিরছে তীরন্দাজরর। দলীয় ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও হতাশ করেছে রিকার্ভ।
প্রতিযোগিতায় শিমু আক্তার প্যালেস্টাইনের রাশাকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে পরাজিত করে ১/১৬ স্টেজে চীনের জুয়ের কাছে সরাসরি ৬-০ সেটে হারেন। এই ইভেন্টে বাংলাদেশের চমক ছিল ১৪ বছর বয়সী সায়মা সালাউদ্দিন। তিনি প্রথম রাউন্ডে বাই পেয়ে ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে পরাজিত করেন। প্রি কোয়ার্টারে ভারতের আনিলের কাছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারেন।
রিকার্ভ পুরুষ ইভেন্টে আব্দুর রহমান আলিফ ৬-০ সেট পয়েন্টে থাইল্যান্ডের তানাকর্নকে পরাজিত করে পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ান লির বিপক্ষে ৬-২ সেটে হারেন। আর রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে বাই পেলেও পরের রাউন্ডে কাজাখস্তানের ডাউলেটকেডির বিপক্ষে ৬-২ সেটে পরাজিত হন।
আন্তর্জাতিক অঙ্গনে রিকার্ভ থেকেই বাংলাদেশে বেশি সফলতা এসেছে। সেই রিকার্ভে এখন কোয়ার্টারেই উঠতে পারছেন না আরচাররা। বাংলাদেশ দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক এ নিয়ে বলেন, ‘এবার বেশি প্রত্যাশা ছিল দলীয় ইভেন্টে। সেখানে একটিতে টাইব্রেকারে আর দু’টি এক পয়েন্টের ব্যবধানে হেরেছি। ব্যক্তিগত ইভেন্টে আমাদের কোয়ার্টার পর্যন্ত প্রত্যাশা ছিল, সেটাও হয়নি।’
বাংলাদেশের দুই আরচার সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করেছে। রোমান সানা বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল। এখন পর্যন্ত বাংলাদেশের এশিয়ান গেমসে কোনো পদক নেই। এবার আরচারি নিয়ে আশা থাকলেও সেটা গুড়েবালি। এ নিয়ে কোচ মার্টিনের মন্তব্য, ‘এশিয়ান গেমসে ভারত, চীন, কোরিয়া বেশ শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের প্রতিদ্বন্দ্বিতার মান আরো বেশি হওয়া উচিত ছিল।’
এশিয়ান গেমসে আরচারিতে সবচেয়ে কম বয়সী আরচার বাংলাদেশের সায়মা সালাউদ্দিন। মাত্র ১৪ বছর বয়সী আরচার রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার পর্যন্ত উঠেছিলেন ফিলিপাইনের আরচারকে পরাজিত করে। তাকে নিয়ে এশিয়ান আরচারিতে আলোচনা চলছে। সায়মার দলে প্রবেশের প্রক্রিয়া নিয়ে মার্টিন বলেন, ‘সে ট্রায়াল ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করেই জায়গা পেয়েছে। সে প্রতিভাবান, প্রি কোয়ার্টারে উঠে তার প্রমাণ দিয়েছে।’









