বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম এ ঘোষণা দেন।
বৈধ প্রার্থীরা হলেন- ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বিএনপি সমর্থিত ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পাঁচটি রাজনৈতিক দলের ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Advertisement