
ক্রীড়া ডেস্ক
ফুটবলের মেগা আসর বিশ্বকাপ শেষ হয়েছে ৭২ দিন। গত ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে আর কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি আলবিসেলেস্তেরা। দীর্ঘ বিরতির পর আগামীকাল সকালে আবার মাঠে ফিরবে আকাশি-নীল জার্সিধারীরা। বিশ্বকাপের ফাইনালে সেই হারের পরÑ এটাই আর্জেন্টিনার প্রথম ম্যাচ। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় কাল সকাল ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় আলোচনায় লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ায় এই ম্যাচে খেলছেন না বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে আগামী ৬ অক্টোবরের বেনিনের বিপক্ষে ম্যাচে তাকে বিদায়ী ম্যাচ খেলার জন্য দলে ডাকা হয়েছে। ফলে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিকে মূলত সূচনা হিসেবে দেখা হচ্ছে মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধ্যায়ের। বিশ্বকাপের পরাজয়ের হতাশা ভুলে নতুন শুরুর প্রস্তুতি নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। একই সাথে তার নিজের ভবিষ্যৎ নিয়েও আলোচনা রয়েছে। ডিসেম্বরে তার চুক্তি শেষ।
বলিভিয়ার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড বেশ শক্তিশালী আর্জেন্টিনার। স্কালোনির অধীনে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় প্রতিবারই জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে ২০২৪ সালের ১৬ অক্টোবর সবশেষ ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল তারা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। সাথে ছিল দু’টি অ্যাসিস্টও।
তবে এবারের ম্যাচে ফলাফলের চেয়ে আর্জেন্টিনার দলবদলের প্রক্রিয়াই বেশি গুরুত্বপূর্ণ। মেসি না থাকলেও আর্জেন্টিনার স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়ের সমন্বয় রয়েছে। নতুন অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়ার সম্ভাবনা রয়েছে ক্রিশ্চিয়ান রোমেরোকে। আক্রমণভাগে বাড়তি দায়িত্ব থাকবে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মতো খেলোয়াড়দের ওপর। মাঝমাঠে নেতৃত্ব দিতে হবে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের।









