জলাবদ্ধতায় জর্জরিত দাউদকান্দির গৌরীপুর দক্ষিণ বাজার
গৌরীপুর দক্ষিণ বাজারে পানি জমে থাকার দৃশ্য : নয়া দিগন্ত।

 মোহাম্মদ হানিফ খান দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর দক্ষিণ বাজার এলাকার একটি সড়ক দীর্ঘদিন ধরে ড্রেনেজ সমস্যায় বেহাল হয়ে পড়েছে। বৃষ্টির পানি, কাঁচাবাজারের বর্জ্য ও ড্রেনের লিকেজের কারণে সড়কটির বিভিন্ন অংশে প্রায়ই ময়লা পানি জমে থাকে। এতে ব্যবসায়ী, আবাসিক বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে আসা মানুষ দুর্ভোগে পড়ছেন।
গৌরীপুর বাজার পল্লী বিদ্যুৎ গেট থেকে মরহুম চেয়ারম্যান মোস্তাক সড়ক পর্যন্ত এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ময়লা পানি জমে রয়েছে। গৌরীপুর দক্ষিণ বাজার সিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক পারভেজ বলেন, সড়কটি প্রায়ই ময়লা পানিতে তলিয়ে থাকে। বৃষ্টির পানি, কাঁচাবাজারের বর্জ্য ও ড্রেনের লিকেজ এ সমস্যার অন্যতম কারণ।
আন-নূর মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. খাদিজা আক্তার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ রোগী ও সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
দারুল নাঈম আলিম মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, পরিবেশের কারণে অনেকে এ সড়ক এড়িয়ে চলেন। তবে প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে থাকা মানুষকে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ইস্কান্দার আলী বলেন, এক সময় স্থানীয়ভাবে ড্রেনেজ লাইন নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ভবন ও প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় পুরনো ড্রেনের ধারণক্ষমতা কমে গেছে।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আয়েশা আক্তার বলেন, বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর সমাধান হয়নি।

Advertisement