
আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি (১০০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনে স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, আমার বোন তুন ড. সিতি হাসমাহকে হারালাম।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান সিতি হাসমাহ। তাদের ছেলে মোকজানি মাহাথিরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা। সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী হলেও ব্যক্তিজীবনে নিজের গুণেই জনপ্রিয় ও সম্মানিত ছিলেন সিতি হাসমাহ। সহজ-সরল জীবনযাপন, আন্তরিকতা ও হাস্যরসের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
সিতি হাসমাহ জনস্বাস্থ্য কর্মসূচি, পরিবার পরিকল্পনা এবং দেশের বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করেছেন। ১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে মেডিক্যাল কলেজে পড়ার সময় প্রথম পরিচয় হয় মাহাথির ও সিতি হাসমাহর। চলতি বছরের আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মোকজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির এবং প্রভাবশালী রাজনীতিক মুখরিজ মাহাথির।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








