তুরস্কের সাথে অংশীদারত্ব জোরদার করতে চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

ক্রমবর্ধমান অংশীদারত্ব আরো জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও তুরষ্ক। উভয় দেশ উচ্চ পর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেছে।
নিউ ইয়র্কে গত শুক্রবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরষ্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাতে এ সব বিষয়ে আলোচনা হয়। 
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে উভয় পক্ষ আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ নিয়ে আলোচনা করে। এ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেয়ার কথা  রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশগ্রহণের জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এ দিকে ইউএনজিএতে যোগ দিতে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক সফরের ওপর আলোকপাত করতে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।