আজ বাংলাদেশে দিন-রাত সমান

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার বাংলাদেশে দিন ও রাত সমান। আজ সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে পার্থক্য ঠিক ১২ ঘণ্টা। আজ সূর্যোদয় হবে ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্তও হবে ঠিক ৫টা ৪৯ মিনিটে। জ্যোতির্বিজ্ঞানের হিসেবে ২৩ সেপ্টেম্বর বিষুব বা ‘অটামাল ইকুইনক্স’ (শরৎকালীন বিষুব) ঘটে থাকে। বাংলাদেশের অবস্থান বিষুব রেখার ঠিক ওপরে নয়, দেশটি ২৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে। ফলে বিষুব রেখার ওপরে যে দেশগুলো রয়েছে সেই দেশ থেকে বাংলাদেশে সূর্যের দৈনিক গতিপথের কারণে দিন-রাতের দৈর্ঘ্যে সামান্য পার্থক্য হয়ে থাকে। বিষুব রেখার ওপর মোট ১৩টি দেশ। এই দেশগুলো হলো-  গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, সাউ টোমে ও প্রিন্সিপে, গণপ্রজাতন্ত্রী কঙ্গো,  উগান্ডা,  কেনিয়া,  সোমালিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কিরিবাস, ইকুয়েডর, কলম্বিয়া ও ব্রাজিল। সে কারণে শরৎ বিষুবের সময় বাংলাদেশে দিন ও রাত প্রায় সমান হয়ে থাকে ২৭ থেকে ২৮ সেপ্টেম্বরে। তবে কোনো কোনো ক্যালেন্ডারে ১ মিনিট এদিক-সেদিক ঘটে থাকে। যেমন গতকাল (২৭ সেপ্টেম্বর) সূর্যোদয় ছিল ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত হয়েছে ৫টা ৪৯ মিনিটে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে আজ সোমবার ঢাকায় ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার কথা। 
অটামাল ইকুইনক্সের দিন ওপর সূর্যের কেন্দ্র বিষুব রেখার ওপর অবস্থান করে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধে ঋতু পরিবর্তনের মুহূর্ত তৈরি হয়। উল্লেখিত দেশগুলো ছাড়া অন্য দেশগুলোতে ২৩ সেপ্টেম্বর দিন ও রাত ১২ ঘণ্টা করে ঘটে না। সে কারণে বাংলাদেশেও ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের মধ্যে ৫ থেকে ৬ মিনিট পার্থক্য হয়ে থাকে। বিষুবের দিন বাংলাদেশে রাতের চেয়ে দিবাভাগের সময় ৭ মিনিট বেশি।
তবে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ২৩ সেপ্টেম্বর সূর্যের কেন্দ্র বিষুবরেখার ওপর অবস্থান করে। পৃথিবীর সব স্থানেই এই ঘটনাটি একই মুহূর্তে ঘটে যদিও স্থানীয় সময় অনুযায়ী ভিন্ন সময় হতে পারে। সূর্যোদয় ও সূর্যাস্তের বাস্তব হিসেবের সাথে বিষুবের ওই জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্তের মধ্যেও কিছুটা পার্থক্য থাকে। এর অন্যতম কারণ হলো বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। পৃথিবীর বায়ুমণ্ডলের সূর্যের আলো কিছুটা বেঁকে যায়। ফলে জ্যামিতিক হিসেবে সূর্য দিগন্তের নিচে থাকলেও তা কিছুটা দৃশ্যমান হয়। এতে দিনের দৈর্ঘ্য কিছুটা বেড়ে যায়। কারণ সূর্যকে আকাশে একটি বিন্দু হিসেবে বিবেচনা করা হয় না, এটা একটি দৃশ্যমান চাকতি। সে কারণে সূর্যের ওপরের প্রান্ত দিগন্তে ওঠার সময়কে সুর্যোদয় এবং ওপরের প্রাপ্ত অস্ত যাওয়ার সময়কে সূর্যাস্ত হিসেবে গণ্য করা হয়। 
বাংলাদেশে ২৩ সেপ্টেম্বরের আগে ও পরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের। হঠাৎ করে ভারী বৃষ্টিতে সয়লাব হচ্ছে এবং খুব অল্প সময় বৃষ্টিপাত ঘটিয়ে আবার হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে। এর সাথে দিন ও রাত সমান হওয়ার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ অ্যারিজোনা স্ট্যাট ইউনিভার্সিটির এডজাঙ্কট প্রফেসর ড. রাশেদ চৌধুরী বলেন, দিন ও রাত সমান হওয়ার কারণে বৃষ্টিপাতের কোনো সম্পর্ক আছে বলে জানা নেই। তবে ঠিকই এই সময়ে এল নিনোর একটি প্রভাব বিরাজমান। এল নিনোর কারণে বাংলাদেশসহ এই অঞ্চলে পরিবেশ এবং বৃষ্টি ও খরা প্রভাবিত হচ্ছে।