নোয়াখালীতে জামায়াত নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা, আহত ৩
হামলায় আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতে তিন নেতা-কমী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছররা গুলিতে আহত হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ফলোয়ান বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা আনোয়ার হোসেন (৪৮), জামায়াতকর্মী শিহাব উদ্দিন (২০) ও সৌরভ উদ্দিন (১৭)। আহতরা সবাই আমানউল্যাহপুর ইউনিয়নের জয়নায়নপুর গ্রামের বাসিন্দা। আহত তিনজনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, আনোয়ার হোসেনসহ কয়েকজন আইয়ুবপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। পথে আমানউল্যাহপুরের ফলোয়ান বাজারসংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের বাড়ির কাছে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

তিনি বলেন, হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় সৌরভ উদ্দিন ছররা গুলিতে আহত হন। এছাড়া লাঠির আঘাতে আনোয়ার হোসেন ও শিহাব উদ্দিন আহত হন।

এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাওলানা বোরহান উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুপুরে আমানউল্যাহপুরে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনের সেতুর ওপর ঘটনাটি ঘটেছে।’ 

তিনি বলেন, ‘ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তিনজন আহতের কথা জেনেছি। কিন্তু গুলিতে আহত হওয়ার ব্যাপারে আমার জানা নেই। এখনো পর্যন্ত আহতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয় হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

হামলায় গুলির বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসিরুদ্দিন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।’