
নিজস্ব প্রতিবেদক
রাজধানী পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে এক সন্দেহভাজন যুবক এবং ৩৫ লাখ টাকার জাল নোটসহ কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া কানাডায় চাকরির প্রলোভন দেখিয়ে ২০ লাখের বেশি টাকা আত্মসাৎকারী চক্রের এক নারী সদস্যকেও গ্রেফতার করেছে সিআইডি। গতকাল রোববার ডিএমপি ও সিআইডির পৃথক প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে এসব অভিযানের তথ্য জানানো হয়েছে।
গুলশানে সন্দেহভাজন যুবক আটক : রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের বিপরীতে নবনা ভবনের সামনে থেকে মো: শাকিল মিয়া (২২) নামের এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। আটক শাকিল কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কড়াতি গ্রামের মো: আবদুর রহিমের ছেলে। গুলশান থানার কর্তব্যরত অফিসার এসআই শাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে শাকিলকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সঠিক জবাব দিতে পারেননি এবং তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
সন্ত্রাসী শাহাদাতের সহযোগী গ্রেফতার : রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিএমপি ডিবি)। ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাত ও ইব্রাহিমের এজেন্ট হিসেবে কাজ করতেন অনিক এবং তাদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া শনিবার রাতে ইসিবি চত্বরের কাছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অনিক সরাসরি জড়িত ছিলেন বলে ডিবি সূত্রে দাবি করা হয়েছে।
যাত্রাবাড়ীতে জাল নোটসহ গ্রেফতার ২ : রাজধানীর যাত্রাবাড়ীতে ডিএমপি ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের জাল নোটসহ দুই পেশাদার কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে এক হাজার টাকার মোট তিন হাজার ৯০২টি জাল নোট উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে জাল নোট সংগ্রহ করে বাজারে চালিয়ে আসছিল।
কানাডায় চাকরির প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাৎ : কানাডার একটি কোম্পানিতে চাকরি দেয়ার নামে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকার নয়ানখাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, ভুক্তভোগীর কাফরুল থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে ওই নারীর প্রকৃত পরিচয় শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে চুক্তি অনুযায়ী বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা নিয়ে ভুয়া কাগজপত্র সরবরাহ করে প্রতারণা করে আসছিল।








