গবেষণাগার-কারখানার দূরত্ব ঘোচানোর তাগিদ ডুয়েটে

 গাজীপুর মহানগর প্রতিনিধি

গবেষণাগারে উদ্ভাবন, কারখানায় আমদানিÑ বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের এই বিচ্ছিন্নতায় আটকে আছে দেশের উৎপাদন সম্ভাবনার বড় অংশ। গবেষণাকে বাজারমুখী করে উদ্ভাবনকে সরাসরি শিল্পে কাজে লাগাতে না পারলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাগজেই সীমাবদ্ধ থাকবে। এ দূরত্ব ঘোচাতে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, প্রযুক্তি হস্তান্তর ও স্টার্ট-আপ সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন শিল্প ও অ্যাকাডেমির প্রতিনিধিরা। গতকাল রোববার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’-এ উঠে আসে এমন তাগিদ।
ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে ভিসি সভাকক্ষে ‘স্ট্রেন্থেনিং স্টার্ট-আপ, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে বাস্তবমুখী ও বাজার উপযোগী করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা আবশ্যক। তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নেয়া হয়েছে, যা এ বছরের ডিসেম্বরের মধ্যে চালু হবে।
অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, চলতি বাজেটে স্টার্ট-আপ সংস্কৃতি উন্নয়নে ৫০০ কোটি টাকা এবং ক্রিয়েটিভ ইকোনমি খাতে ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ক্রিয়েটিভ ইকোনমির অবদান জিডিপির ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্র সম্প্রসারণে ডুয়েট কাজ করে যাচ্ছে। কার্যকর অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বাস্তবায়ন করা গেলে দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধির মাধ্যমে আমদানি কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে।
তিনি জানান, প্রতি তিন মাস পরপর ডুয়েটে এ ধরনের আলোচনা অনুষ্ঠান এবং ছয় মাস পরপর ইউজিসিতে প্রতিবেদন পাঠানো হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে পণ্যে রূপ দিতে ইতোমধ্যে ডুয়েটে একটি আইসিটি ইনকিউবেটর নির্মাণ করা হয়েছে।
প্যানেল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েটের প্রোভিসি অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি উপস্থিত শিল্প প্রতিনিধিদের সাথে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। স্বাগত বক্তব্য দেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো: আনওয়ারুল আবেদীন।
অনুষ্ঠানে ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান।
গোলটেবিল আলোচনায় ব্র্যাক ব্যাংক পিএলসি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।