জাবির নতুন ভিসি অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম। একইসাথে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো: নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে ততদিন তিনি ভিসির পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে আরেকটি পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. কামরুল আহসানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ থেকে অব্যাহত দেয়া হয়।