রাজশাহীতে রান ফর সিল্ক সিটি ম্যারাথন অনুষ্ঠিত

 রাজশাহী ব্যুরো 
ঐতিহ্যবাহী রেশম শিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর পরিচিতি আরো সুদৃঢ় করার লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার ২০০ রানার অংশ নেন।
শনিবার সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। সিল্ক সিটি রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেববাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে দৌড়টি শেষ হয়। পরে সেখানে মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম সানি। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা মোসা: রিক্তা পারভিন। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
রাজশাহীকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাসিক প্রশাসক। একই সাথে তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
রেশম শিল্পের ঐতিহ্য ও সিল্ক সিটি পরিচিতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।