বক্তব্য রাখছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম
বক্তব্য রাখছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। নয়া দিগন্ত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘তেল-গ্যাসের সঙ্কট সাময়িক, সকলকে ধৈর্য্য ধরতে হবে। এটি শুধুমাত্র আমাদের দেশের সঙ্কট নয়।’

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধের কারণে আমরা তেল ও গ্যাস ঠিকমতো আমদানি করতে পারতেছি না। সে কারণেই এই সঙ্কট তৈরি হয়েছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইসিটি মন্ত্রী বলেন, ‘ভুল ম্যাসেজ দিয়ে জনগণকে বিভ্রান্ত না করে সরকারকে সহযোগিতা করুন। এছাড়া মাদকের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।’ তাই মধুপুরের প্রশাসনকে তিনি মাদক নিয়ে সোচ্চার হওয়ার নির্দেশ দেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মধুপুর উপজেলা শাখার সভাপতি মো: সাইফুল ইসলাম স্বপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম উবায়দুল্লাহ। এছাড়া অনুষ্ঠান উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মনিরুজ্জামান, বাবুল হাসান, আনোয়ারা খন্দকার লিলি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: শামীম আল মামুন জুয়েল।

এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষেকের পাশাপাশি শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।