সূত্রাপুরে আগুনে দগ্ধ ছেলের পর চলে গেলেন বাবা

নিজস্ব প্রতিবেদক

Advertisement

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিদ্দিক (৫৫) নামে আরো একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর আগে ১৯ সেপ্টেম্বর আগুনে দগ্ধ হয়ে তার ছেলে ইমনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মর্মান্তিক এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে। 
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। ঐ দিনই গুরুতর দগ্ধ অবস্থায় একই পরিবারের পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়।
পাঁচ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিদ্দিকের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, নিহত সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগেই তার ছেলে ইমন মারা যান। ডা. সুলতান মাহমুদ আরো জানান, এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বর্তমানে জাতীয় বার্নে আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তানিয়া নামে এক নারীর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ ছাড়া রাজিবের শরীরের ১৫ শতাংশ এবং ধলু মিয়া ওরফে আরিফের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। আগুনে দগ্ধের পরিমাণ কম থাকায় রাজিব ও ধলু মিয়া বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু : ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বোরহান উদ্দিন (৭৫) নামে এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার কোতোয়ালি থানার কাটিয়ারচর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। কারারক্ষী সুজন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে কারাগারে বোরহান উদ্দিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
শনির আখড়ায় ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু : রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে নিচে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
সহকর্মী মো: ইউনুস জানান, গতকাল শনিরআখড়া ‘সাফা টাওয়ার’ নামক নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা। ভবনের ময়লা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত ৫ তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে জোসনা বেগম গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে বেলা আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ : গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢামেক জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো: আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা অচেতন অবস্থায় ঐ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।