আগুন, দগ্ধ, মৃত্যু, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট 
মৃত মো: সোহাগ। নয়া দিগন্ত

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া মো: সোহাগ (৪৩) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

Advertisement

শনিবার (১০ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

মৃত সোহাগ উপজেলার নদনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর সোহাগের দূর সম্পর্কের চাচাতো ভাই সালাউদ্দিনের বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনে বাড়ির ছয়টি ঘর পুড়ে যায়। এ সময় অন্যদের সাথে সোহাগ আগুন নেভাতে এগিয়ে যান। একপর্যায়ে সালাউদ্দিনের ঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করার সময় তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ওসি মো: কবির হোসেন বলেন, ‘ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে আবেদন করেছেন।’