গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে বিএসসিএলের সাথে চবির সমঝোতা
ভিসি কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিএসসিএল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় : নয়া দিগন্ত।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘Patentable Research and Innovation’ শীর্ষক সেমিনার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সাথে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত বৃহস্পতিবার চবি ভিসি কার্যালয়ের সিনেট সভা কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য দেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম এবং টিআইএসসি চবির ফোকাল পারসন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণার কেন্দ্রে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। চবিতে গঠিত ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন সেল’ ও নবস্থাপিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল। স্যাটেলাইট ডেটা ব্যবহারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উদ্ভাবনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনার শেষে চবি এবং বিএসসিএলের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হাছান মিয়া এবং বিএসসিএলের পক্ষে সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ (SODIC-CU) এবং বিএসসিএল যৌথভাবে ব্লু-ইকোনমি, বঙ্গোপসাগরের সম্ভাবনা, দুর্যোগ ব্যবস্থাপনা, ফিশারিজ ও সমুদ্র উপকূলীয় পর্যবেক্ষণে কাজ করবে। সেন্টার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন জানান, এই উদ্যোগ দেশের স্যাটেলাইট ওশেনোগ্রাফি ও সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে চবির ডিন, শিক্ষক, গবেষক ও বিএসসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।