ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়নের ৮৪টি গ্রামের ১৫ হাজার ৬৫৫ জন সুবিধাভোগী সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নিয়মিত সরকারি ভাতা পাচ্ছেন। এর মধ্যে পাঁচ হাজার ২৯৬ জন প্রতিবন্ধী, সাত হাজার ৩২৭ জন বয়স্ক ও তিন হাজার ৩২ জন বিধবা ও স্বামী নিগৃহীতা নারী রয়েছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, আগে প্রতিবন্ধীরা মাসে ৯০০ টাকা করে ভাতা পেতেন। চলতি বছরের শুরু থেকে তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। এছাড়া বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারীরা ৭০০ টাকা করে ভাতা পাচ্ছেন।

ইউনিয়নভিত্তিক তথ্যে দেখা গেছে, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা সবচেয়ে বেশি শশীদল ইউনিয়নে ৯৮৫ জন। এ ছাড়া মাধবপুরে ৬৮১, সিদলাইয়ে ৬৭৫, দুলালপুরে ৬৪৩, চান্দলায় ৬২৫, সাহেবাবাদে ৫৮৮, মালাপাড়ায় ৫৭৫ ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে ৫৩৪ জন প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: বেল্লাল চৌধুরী জানান, প্রতি তিন মাস পরপর ভাতাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা জমা হচ্ছে। ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সুবিধাভোগীরা সহজে ভাতার টাকা উত্তোলন করতে পারছেন।