
রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহত কিশোরের কপালের ডান পাশে ফাটা আঘাতের চিহ্ন রয়েছে ও তার পরনে একটি হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় পোশাকের মূল রং বোঝা যায়নি। আমরা ধারণা করছি- আঘাতের কারণেই তার মৃত্যু হতে পারে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।








