
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধাঁচে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ লক্ষ্যে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু, ভোটার তথ্য যাচাই এবং নির্বাচনী প্রক্রিয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাব দিয়েছে দলটি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণারও দাবি করেছে তারা।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বাংলাদেশ লেবার পার্টির সাত সদস্যের প্রতিনিধিদল বৈঠক করে এই দাবি লিখিতভাবে জানান। বৈঠকে ১০ দফা দাবি তুলে ধরেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী ভোটারদের এনআইডি ও ভোটার তথ্য যাচাই করে দেশের নিবন্ধিত ভোটার এলাকা, ওয়ার্ড ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাথে সমন্বয় করতে হবে। পাশাপাশি অনলাইন নিবন্ধন, পরিচয় যাচাই, ব্যালট প্রেরণ ও গ্রহণ, সংরক্ষণ এবং গণনার প্রতিটি ধাপে নিরাপদ, স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছি। তাদের প্রস্তাব, পোস্টাল ব্যালটে ভোট দেয়া কোনো প্রবাসী যেন দেশে ফিরে এসে পুনরায় ভোট দিতে না পারেন, সে জন্য কার্যকর প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে। এ সংক্রান্ত আইন বা বিধিমালার ঘাটতি থাকলে তা সংশোধন কিংবা নতুন বিধান প্রণয়নেরও আহ্বান জানানো হয়েছে চিঠিতে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর জন্য আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং সংক্রান্ত নিবন্ধন ও ব্যালট ব্যবস্থাপনার তথ্য প্রকাশিত রয়েছে বলে উল্লেখ করেছে দলটি।
দলটির প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রবাসী পোস্টাল ভোট চালু করে সেই অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে তা সম্প্রসারণ করা যেতে পারে। প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের প্রস্তুতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অনিশ্চয়তা দূর করে যথাসময়ে তফসিল ঘোষণা করা প্রয়োজন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








