
কূটনৈতিক প্রতিবেদক
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করার ঢাকার সিদ্ধান্তে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত।
গতকাল হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করে বলা হয়েছে, এর মধ্য দিয়ে সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি আটকে থাকা নিয়ে সাম্প্রতিক জল্পনার অবসান হয়েছে। সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্রের একটি অনুলিপি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গত সপ্তাহে এক প্রতিবেদনে লিখেছিল, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিতে দেরি করছে ভারত।
১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেয়া পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে দিল্লিতে বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসঙ্ঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
২০২৫ সালের জুনে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার আগে এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আসাদ আলম সিয়াম। এর আগে তিনি ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রিয়ায় এবং ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আসাদ আলম সিয়াম ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








