জামায়াতে ইসলামী
ঢাকায় নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের প্রীতি সম্মেলন। নয়া দিগন্ত

ঢাকায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে প্রীতি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম ও মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

জেলা জামায়াতের আমির মোবারক আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যাপক কুতুবুল ইসলাম নোমানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, অ্যাডভোকেট জালাল উদ্দীন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মহসিন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান, জেলা শিবির সভাপতি জুলফিকার হায়দার রাফি প্রমুখ।

এছাড়া কেন্দ্রীয়, মহানগরী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংগঠনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার অতীত ইতিহাসের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, ঢাকায় অবস্থানরত জেলার নেতা-কর্মীদের নিজ জেলা, নিজ গ্রাম ও এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা এবং মানুষের যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলদের সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, এলাকার সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে হবে।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিপুল ভোট প্রাপ্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে বিভিন্ন দলের দুর্নীতি, জুলুম ও জনদুর্ভোগের কারণে জনগণ নতুন নেতৃত্বের প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা থেকেই জামায়াতে ইসলামী বিপুলসংখ্যক মানুষের সমর্থন পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। আগামী জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোকে সামনে রেখে নিজ নিজ এলাকায় সাংগঠনিক ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গোপালগঞ্জে পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকেরা থানা ও অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে মন্ত্রী আছেন তিনি আদৌ এসব দেখছেন কি না তা আমরা জানি না। এর মাধ্যমে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি এসব ঘটনার অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ফ্যাসিস্ট স্বৈরাচার ও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা এবং অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রম, এলাকার সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।