
ঠাকুরগাঁওয়ে আন্তজেলা বাস মালিক সমিতির কোন্দলের কারণে ১৬ দিন ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁও এর সাথে উত্তরবঙ্গের প্রায় সবগুলো জেলার বাস চলাচল। এতে একদিকে যেমন চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা, অন্যদিকে মানবেতর জীবন যাপন করছে মোটর শ্রমিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুত এ সমস্যার নিরসন করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, টার্মিনালে সারিবদ্ধভাবে পড়ে রয়েছে বিভিন্ন জেলাগামী বাস।
ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিন চলাচল করতো এসব বাস। আগে যাত্রীরা টার্মিনাল এলাকা থেকেই বাসে চড়ে দূরপাল্লায় গমন করলেও এখন আর তা সম্ভব হচ্ছেনা। অটোরিক্সা বা ভ্যানে চড়ে তাদের অন্তত ১৫ কিলো দূরে গিয়ে উঠতে হচ্ছে বাসে। এতে করে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা।
ঠাকুরগাঁও মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের তথ্যমতে, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিন চলাচল করে সাদা, হলুদ ও সবুজ পতাকাধারী ৩৫ টি মেইল বাস। এছাড়াও লোকাল বাস চলাচল করে ৩০টি। রংপুর মটর মালিক সমিতি আরো সাতটি বাস এতে সংযোজন করতে চাইলে তাতে চারটির অনুমতি দিলেও, বাকি গুলির ব্যাপারে আপত্তি জানায় ঠাকুরগাঁও মটর মালিক সমিতি। আর তাতেই শুরু হয় এ কোন্দল। পরবর্তীতে তা বাড়লে রূপ নেয় সড়ক অবরোধের মতো কর্মসূচিতে।
শামীম নামের ভুক্তভোগী যাত্রী জানান, আমাকে ব্যবসায়ীক কাজে প্রায় প্রতিদিনই যেতে হয় দিনাজপুর ও রংপুর। কিন্তু গত ১৬ দিন ধরে আমাকে এভাবে ছুটে ছুটে বাস ধরে যাতায়াত করতে হচ্ছে। আমার সময় আর টাকা দুটোই নষ্ট হচ্ছে। তার চেয়েওে বেশি হলো অনেক কষ্ট করতে হচ্ছে প্রতিদিনই।
মরিয়ম আখতার নামের আরেক যাত্রী জানান, আমার মেয়েকে নিয়ে চোখের চিকিৎসার জন্য দিনাজপুর চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। আমি এসেছি পঞ্চগড় থেকে । যাবার সময় ট্রেনে গিয়েছিলাম। এখন ফিরছি ভেঙে ভেঙে। অসুস্থ মেয়েটাকে নিয়ে এভাবে ভালোই বিপদে পড়তে হলো।
আন্তঃজেলা মটর মালিক সমিতির এ কোন্দলে বেশি বিপাকে পড়েছে নারী, শিশু, কর্মজীবী ও অসুস্থ যাত্রীরা। তাই গত ১৬ দিন ধরে চলা এ বাস অবরোধের ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রী ও শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করে দ্রুত সমাধানে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী জানান, আমাদের জেলার গাড়ি অন্য জেলায় ঢুকতে না দিলে আমরাও তাদেরটা ঠাকুরগাঁওয়ে ঢুকতে দেবো না। ছোট জেলা বলেই বারবার আমাদের ওপর এ ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। আমার শ্রমিকরা কষ্ট পাচ্ছে। তারা ১৬ দিন যাবৎ মানবেতর জীবনযাপন করছে। দ্রুত তাদের কষ্ট লাঘব করতে হবে ।
ঠাকুরগাঁও জেলা মটর মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী জানান, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








