ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে সর্বোচ্চ ১ হাজার ৮৭২ জন ভর্র্তি

নয়া দিগন্ত ডেস্ক

দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ এক হাজার ৮৭২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া সেপ্টেম্বরের ২১ দিনে ৯৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৮৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। 
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন এক হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৫৬০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮১ জন, এরপর খুলনা বিভাগে ৩১৬ জন, বরিশালে ১৯০, চট্টগ্রামে ২৮৫ জন, ময়মনসিংহে ১০৫, রংপুরে ৬৭ জন, রাজশাহী ১৬২ জন এবং সিলেট বিভাগে ছয়জন।
সিলেটে আরো ৬ জন শনাক্ত
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন করে আরো ছয় ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৯ জন। ফলে এক দিনের ব্যবধানে নতুন শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।