২৬ সেপ্টেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সমাবেশ ও মিছিল


দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো: শফিকুল আলম তুহিন।
সভায় শফিকুল আলম তুহিন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবেলা করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি শুধু দলীয় কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ধারাবাহিক আন্দোলনের অংশ। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে হবে।
সভায় জানানো হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর ও জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সাবেক বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, ইসতিয়াক উদ্দিন লাভলু ও জামাল হোসেন তালুকদার। বিজ্ঞপ্তি।

Advertisement